ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাশিয়ায় পরমাণু হামলার মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী চলতি মাসে রাশিয়ার ওপর পারমাণবিক আক্রমণ চালানোর মহড়া দিয়েছে বলে অভিযোগ করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি জানান, দুটি পৃথক দিক থেকে এই হামলার মহড়া চালানো হয়। মহড়ার সময় মার্কিন বোমারু বিমানগুলো রুশ সীমান্তের ২০ কিলোমিটারের (১২.৪ মাইল) মধ্যে চলে আসে।


ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২৩ নভেম্বর) রুশ প্রতিরক্ষামন্ত্রী অভিযোগটি করেন। যদিও মার্কিন প্রতিরক্ষা দফতরের (পেন্টাগন) দাবি, তাদের সামরিক মহড়ার কথা আগেই প্রকাশ্যে ঘোষণা করা হয়েছিল এবং আন্তর্জাতিক প্রোটোকল মেনেই তা অনুষ্ঠিত হয়েছে।


রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এমন সময়ে অভিযোগটি সামনে আনলেন যখন ইউক্রেন ইস্যুতে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এছাড়া যে কোনো সময়েই রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালাতে পারে বলেও মার্কিন কর্মকর্তারা উদ্বেগ জানিয়ে আসছেন। কিন্তু মার্কিন প্রশাসনের এমন ধারণাকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন।


অপর দিকে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য যুক্তরাষ্ট্র, সামরিক জোট ন্যাটো এবং ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে রাশিয়া। এছাড়া পূর্ব ইউক্রেনে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে তুরস্কের নির্মিত সামরিক ড্রোন ব্যবহার এবং রুশ সীমান্তের কাছে ন্যাটো জোটের সামরিক মহড়ারও বিষয়েও অসন্তুষ্টি জানিয়েছে মস্কো।


মঙ্গলবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছিলেন, রাশিয়ার সীমান্তের কাছে মার্কিন স্ট্রাটেজিক বোমারু বিমানের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে আমাদের নজরে এসেছে। চলতি মাসেই মার্কিন এসব স্ট্রাটেজিক বোমারু বিমানের ৩০টি ফ্লাইট রাশিয়ার সীমান্তের কাছে মহড়া দিয়েছে।


২০২০ সালের এই সময়ের তুলনায় বর্তমানের সংখ্যাটি প্রায় আড়াইগুণ বেশি। তিনি আরও অভিযোগ করেন, চলতি মাসের শুরুর দিকে রাশিয়ায় কৃত্রিম পারমাণবিক হামলার মহড়া চালায় যুক্তরাষ্ট্র।


বিশ্লেষকদের মতে, ইউক্রেন-রাশিয়া সীমান্তে রুশ সৈন্যদের উপস্থিতি জার্মানিসহ ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোকে ব্যাপক দুশ্চিন্তায় ফেলছে। ২০১৪ সালের পরিস্থিতি ফিরে আসবে কি-না, সে আশঙ্কাও রয়ে যাচ্ছে।


উল্লেখ্য, গত সোমবার ন্যাটোর সেক্রেটারি জেনারেল ইয়েনস স্টলটেনবার্গ ইউক্রেন সীমান্তে রুশ সামরিক উপস্থিতি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। যদি কিয়েভের ওপর কোনো আঘাত আসে, সেক্ষেত্রে ন্যাটো ইউক্রেনের পাশে থাকবে বলেও সে সময় জানিয়েছেন তিনি। এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্রও ইউক্রেনের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন।


পশ্চিমা রাষ্ট্রগুলোর ধারণা- সাম্প্রতিক এই সামরিক কর্মকাণ্ডের ফলে ২০১৪ সালে ক্রিমিয়া দখলের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। নতুন করে ইউক্রেনের মাটিতে রুশ সেনাবাহিনীর প্রবেশ ঘটতে পারে বলেও আশঙ্কা তাদের।

ads
ads
ads

Our Facebook Page

↑